জহুরুল ইসলাম \ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) সকাল ১১টায় মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (এমট্যাব) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে হাসপাতাল চত্বরে গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. জাহিদ রায়হান। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মন্নান, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ চিকিৎসক ও এমট্যাবের নেতৃবৃন্দ। ডা. জাহিদ রায়হান বলেন, “এমট্যাব এই গাছের চারাগুলো কিনেছে। এগুলো রোপন করে আমরা নিজেরা সম্মানিত হয়েছি। হাসপাতালের যেসব জায়গা ফাঁকা পড়ে আছে, সেখানে বৃক্ষরোপণ করে পুরো এলাকাকে সবুজে ভরিয়ে তুলবো।” তিনি আরও বলেন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ডা. জাহিদ রায়হান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের প্রশংসা করে বলেন, তিনি এ বিষয়ে বেশ এগিয়ে আছেন। তিনি জাকির হোসেন সরকারকে হাসপাতালের বৃক্ষরোপণ সংক্রান্ত কার্যক্রম নিয়মিত খোঁজখবর নেওয়ার আহ্বান জানান। এ উদ্যোগের মাধ্যমে হাসপাতাল চত্বরকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে।
