তরিকুল ইসলাম \ কুষ্টিয়া বাইপাস সড়কে পাথরবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় ড্রাইভার ও হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে ফরিদপুরের টেকেরহাটের উদ্দেশ্যে যাওয়া দুটি পাথরবাহী ট্রাকের একটি কুষ্টিয়া বাইপাসে প্রবেশের পর হঠাৎ বাম পাশের চাকা বিস্ফোরিত হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায় এবং কেবিন চাপা পড়ে সংকুচিত হয়ে যায়। ফলে ট্রাকের ড্রাইভার আনিছ ও হেলপার রতন ঘটনাস্থলেই মারা যান। নিহত চালক আনিসের বাড়ি ফরিদপুর ও নিহত হেল্পার রতনের বাড়ি মুন্সীগঞ্জ বলে জানা গেছে। একই যাত্রায় থাকা অপর ট্রাকের চালক হিরা ব্যাপারি জানান, “চাকা বাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। আমি তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিই।” কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আঃ ওয়াদুদ বলেন, “ঘটনাস্থলে পৌঁছে দেখি ট্রাকে আগুন জ্বলছে। প্রথমে আগুন নিয়ন্ত্রণ করি। পরে কেবিন থেকে দুটি মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।” চৌড়হাস হাইওয়ে পুলিশের এসআই মহিদুল ইসলাম জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মীয় স্বজন এলে লাশ বুঝিয়ে দেওয়া হবে। দুর্ঘটনার সময় কুষ্টিয়া বাইপাস সড়কে উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
