নিজ সংবাদ \ কুষ্টিয়া জেলার সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৪ জুন) সকাল ১০ টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অত্যন্ত গুরুত্বের সাথে এই সভা সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন দিনগুলোতে জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে নানামুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সরকারি সেবা সুনিশ্চিত করা জেলা প্রশাসনের মূল লক্ষ্য। জেলার যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ড, মাদক চোরাচালান এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে জেলা প্রশাসন। তিনি সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখার নির্দেশ দেন। তিনি আরো বলেন, কুষ্টিয়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু জেলা প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে শতভাগ সাফল্য অর্জন সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সভায় কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মোঃ আব্দুল মন্নান, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা ও জেলার সার্বিক উন্নয়নে আইন-শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বের ওপর আলোকপাত করেন। সভায় কুষ্টিয়া জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে, ভবিষ্যতে একে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
