কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে গৃহস্থলী কাজে ব্যবহৃত বা পারিবারিক পুকুরে মাছের উৎপাদন বাড়াতে এবং আমিষের চাহিদা মিটানোর লক্ষ্যে ৬ চাষিকে মৎস্য উপকরণ প্রদান করা হয়েছে। প্রত্যেককে ৫০ কেজি করে সার, ৪০ কেজি খৈল, ১২৫ কেজি খাবার ( ফিড), ১৫০ ফিট নেট, ৩৫ কেজি চুন, চার প্যাকেট সবজি বীজ, দশটি পেঁপের চারা ও একটি করে সাইনবোর্ড প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির আয়োজন করে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। বাড়ির আঙিনায় প্রায় ৩৩ শতাংশ জমিতে একটি পুকুর আছে শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ গ্রামের কৃষক রাশিদুল ইসলামের। তিনি বলেন, প্রথমবারের মতো মৎস্য কার্যালয় থেকে খাদ্য, চুন, সার, গাছের চারাসহ অনেক উপকরণ দিয়েছে। এগুলো দিয়ে মাছ ও শাকসবজি চাষ করে পরিবারে চাহিদা মিটাবো। উৎপাদন বেশি হলে বিক্রি করে অতিরিক্ত আয় হবে। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলাতে প্রায় ৫৬৪৬টি গৃহস্থলি পুকুর রয়েছে। তারমধ্যে ২০২৫-২০২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬ গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুরে দেশীয় ছোট মাছ প্রদর্শনীর উপকরণ প্রদান করা হয়েছে। তাঁর ভাষ্য, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন। বরাদ্দ প্রাপ্ত সাপক্ষে পর্যায়ক্রমে অন্য চাষিদের মাঝেও উপকরণ বিতরণ করা হবে।
