রাকিব হোসেন \ “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কুমারখালীর যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিআরডিবির ৩৭ জন সুফলভোগী সদস্যের মাঝে ১০ লাখ ২৫ হাজার টাকা ঋণের চেক এবং একজন এসএমই সদস্যের মাঝে ১ লাখ ২৫ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও ৮০ জন আরএলপি প্রশিক্ষণার্থীর হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয় এবং উপস্থিত ১০০ জনের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করা হয়। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদ, কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, সাংবাদিক কে এম আর শাহিন, ইউসিসিএ’র সভাপতি নজরুল ইসলাম এবং উপজেলা বিআরডিবির প্রকল্প কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কুমারখালী উপজেলা কর্মকর্তা মোঃ ইমরান আলী। বক্তারা বলেন- গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
