কুমারখালীতে অ্যাপসের মাধ্যমে ফেরি করে কম মূল্যে নকল ওধুধ বিক্রির অভিযোগ, জরিমানা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে ফেরি করে মেডিগো নামক একটি অ্যাপসের মাধ্যমে বিভিন্ন নামিদামি কোম্পানীর নাম ব্যবহার করে কম মূল্যে নকল ওষুধ বিক্রির অভিযোগে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে কুমারখালী থানামোড় এলাকায় আদালত পরিচালনা করেন পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. রহমতুল্লাহ ও থানা পুলিশ। অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (৩৯)। তিনি কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের আলী হোসেনের ছেলে এবং নাম সর্বস্ব মেডিগো নামক অ্যাপসের এসআর। জানা গেছে, মেহেদী হাসান কুমারখালী থানামোড় এলাকার বিভিন্ন ফার্মেসিতে মেডিগো অ্যাপসের মাধ্যমে দেশের নামিদামি কোম্পানীর ওষুধ কম মূল্যে বিক্রির জন্য প্রস্তাব দেন এবং ফার্মেসি মালিকদের ফোনে অ্যাপস সেটিং করেন। বিষয়টি ওষুধ কোম্পানীর মেডিকেল রিপ্রজেন্টিভদের সংগঠন ফারিহা’র সদস্যরা টের পান। পরে সন্দেহ হলে মেহেদীকে আটক করেন তারা এবং প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ওষুধ ও কসমেটিক্স আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কুমারখালী ফারিহা’র সভাপতি আব্দুর রশিদ বলেন, মেডিগো নামক অ্যাপসটির লোকজন দেশের নামিদামি কোম্পানীর ওষুধের লগো ব্যবহার করে কম মূল্যে নকল ওষুধ বিক্রি করছিল। ফলে ফার্মেসি মালিক ও অ্যাপসের লোকজন লাভবান হলেও নকল ওষুধ ব্যবহার করে ক্ষতিগ্রস্থ হচ্ছেন রোগী ও স্বজনরা। প্রকৃত ওষুধ কোম্পানীর প্রতিনিধি ও মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। দ্রুত এসব প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তাঁর। অভিযোগ স্বীকার করে মেডিগো অ্যাপসের এস আর মেহেদী হাসান বলেন, না জেনে না বুঝে চলতি মাসের ৪ জুন থেকে কুষ্টিয়া জেলা জুড়ে এই কাজ করছেন। তবে কোম্পানীর নাম ঠিকানা জানা নেই। প্রতি লাখ টাকায় ২ শতাংশ কমিশনে কাজ করছিলেন। জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. রহমতুল্লাহ বলেন, অ্যাপসের মাধ্যমে ফেরি করে ওষুধ বিক্রির প্রস্তাব করার অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অ্যাপসটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, এভাবে ফেরি করে ওষুধ বিক্রির নিয়ম নেয়। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।