নিজ সংবাদ \ বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়েছে বাংলাদেশও। শহর-গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়েছে নীল-সাদা রঙের ঢেউ। ব্যানার, ফেস্টুন আর আর্জেন্টিনা পতাকায় ছেয়ে গেছে পথঘাট। এরই মধ্যে আজ (১৭ জুন) তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও ফেবারিট আর্জেন্টিনার প্রথম ম্যাচ। মেসি-মারাদোনার ভক্তদের মধ্যে তাই চলছে উৎসবের আমেজ। গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীতে আর্জেন্টিনা সমর্থকরা বের করেন বর্ণাঢ্য শোভাযাত্রা। কুমারখালী পৌরসভা থেকে শুরু হয়ে গণমোড়, থানামোড়, স্টেশনবাজার, গোলচত্বর ঘুরে হলবাজারে এসে শেষ হয় এই র্যালি। সমর্থকদের হাতে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও মেসির ছবি শোভা পাচ্ছিল। এক সমর্থক বলেন, “আমি ব্যাপক খুশি। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলা ১৭ জুন। সেই উপলক্ষ্যে আমরা কুমারখালীর সব আর্জেন্টিনা ভক্ত মিলে এই র্যালি করেছি। এখান থেকেই শুরু হলো আমাদের বিশ্বকাপ উন্মাদনা।” আরেকজন জানান, “আমরা মেসিতে আসক্ত, তাই আর্জেন্টিনাকে সমর্থন করি। ব্রাজিল নিয়ে কিছু বলার নেই, তারা এখন বাপ-দাদার সম্পত্তি নিয়েই আছে।” অন্য এক সমর্থক শান্তিপূর্ণ উৎসবের আহ্বান জানিয়ে বলেন, “যে যে দলকেই সমর্থন করি না কেন, কেউ যেন সহিংসতায় না জড়ায়।” সমর্থকদের প্রত্যাশা, আর্জেন্টিনা আগামীকাল অনেক গোলের ব্যবধানে জয় পাবে। তারা বিশ্বাস করেন, ক্রীড়া নৈপুণ্য ও দক্ষতার প্রমাণ দিয়ে এবারও প্রিয় দল বিশ্বকাপ জিতবে। সেই সঙ্গে বাংলাদেশ একদিন বিশ্বকাপে অংশ নেবে— এমন স্বপ্নও দেখছেন তারা। মাঠের লড়াইয়ে কোটি ভক্তের এই উন্মাদনা কতটা ফল দেয়, তা এখন দেখার পালা।
