হাসানুজ্জামান রাজীব \ কুষ্টিয়ায় দক্ষ যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে দিশা টাওয়ারের বলরুমে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ জুন) সকাল ১০টায় শহরের দিশা টাওয়ারের দিশা অডিটোরিয়ামে রেইজ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা এটি বাস্তবায়ন করে এবং পিকেএসএফ কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ-বিন হাসান। সভাপতিত্ব করেন দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম। প্রধান অতিথি জেলা প্রশাসক তৌহিদ-বিন হাসান বলেন, “কর্মসংস্থান সৃষ্টি না হলে দক্ষ জনবল তৈরি হবে না, আয় বৃদ্ধিও হবে না। এখানে ৯০০ এর অধিক চাকরি প্রার্থীকে ট্রেনিং দেওয়া হয়েছে। তাদের অনেকে চাকরি পেলে সেটা সত্যিই ভালো ফল দেবে। সরকার ২০৩৩ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনের প্রথম ধাপ।” সভাপতির বক্তব্যে দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম বলেন, “পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এ প্রকল্প বাস্তবায়ন করছি। বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” পিকেএসএফের রেইজ প্রকল্পের সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দেওয়ান জিন্নাহ জানান, দিশার মাধ্যমে ২০টি ট্রেডে ৬ মাসের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

যাদের এখনও চাকরি হয়নি, তাদের সঙ্গে স্থানীয় চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোকে সংযোগ করতেই এ মেলার আয়োজন। সারাদেশে প্রায় ৯৬ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয় কুষ্টিয়ার উপ পরিচালক মো. আব্দুল লতিফ সেখ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নূরে সফুরা ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়ার উপ পরিচালক মো. আব্দুল জাব্বার, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম, পিকেএসএফ এর রেইজ প্রকল্পের সোস্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. দেওয়ান জিন্নাহ। মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। তারা সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণার্থী হাবিবা বিনতে মনসুর ও মোটরসাইকেল সার্ভিসিং প্রশিক্ষণার্থী জিহাদ তাদের আশার কথা জানান। জিএসএম ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম মারুফ ও মডার্ন প্লাইউডের মার্কেটিং অফিসার সাইম হাসান বলেন, দক্ষ কর্মী পাওয়া গেলে যোগ্য বেতনে নিয়োগ দিতে প্রস্তুত তারা। আয়োজকরা জানান, চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা এবং নিয়মিত এমন আয়োজন বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় ২৮ টি চাকরী প্রদানকারী সংস্থার মাধ্যমে আইটি, ইলেকট্রিক্যাল, স্মল ইঞ্জিনিয়ারিং, ওয়েল্ডিং, এলুমিনিয়াম ফেব্রিকেশন সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য চাকরী প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়। যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা সিভি জমা দিয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি চাকরী প্রত্যাশিরা চাকরী বিষয়ক সেমিনারে অংশগ্রহণের সুযোগ পান। দিশার এমন ব্যতিক্রমী আয়োজনে আগত চাকরী প্রার্থীরা উচ্ছাস প্রকাশ করেন। মূলত প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত করার পথকে সুগম করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
