নিজ সংবাদ \ কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিকফিল্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারুক হোসেন ও আব্দুল শেখ। তারা দুজন যথাক্রমে দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলী ও আতিয়ার শেখের ছেলে। ঘটনায় গুরুতর আহত মুল্লুক মন্ডল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, নিহত দুজন মাদকের সঙ্গে জড়িত ছিলেন।

এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। শুক্রবার দিবাগত রাতে সামিরুল তার দলবল নিয়ে ছালিমের বাড়িতে হামলা চালায়। এ সময় ছালিমের বাড়িতে অবস্থানরত তিন সহযোগীকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে চিকিৎসা নেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত দুজনই মাদক সংক্রান্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। স্থানীয় এক নারী বাসিন্দা জানান, “ফারুক মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অনেকবার তাকে এ ব্যবসা বন্ধ করতে বলা হয়েছিল, কিন্তু সে শোনেনি। সেই বিরোধের জেরেই এ হত্যাকান্ড।” আরেক নারী বলেন, “আব্দুলকে কোপাতে কোপাতে আমার সামনে চলে আসে। আমি অনেক অনুরোধ করি, কিন্তু তারা মারা না যাওয়া পর্যন্ত কোপানো বন্ধ করেনি।” নিহত ফারুকের বোন বৃষ্টি খাতুন জানান, “ফারুককে মেরে পুকুরের মধ্যে ফেলে রেখেছিল।” আহতের প্রতিবেশী হেকমত মন্ডল বলেন, “ভোররাতে আমার মেয়ে ফোনে জানায়, মুল্লুক কাকাকে কুপিয়েছে এবং দুজন মারা গেছে।” খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালিয়েছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।” গতকাল শনিবার সকালে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি নিহতদের পরিবারকে শান্তনা দেন অতিদ্রুত খুনীদের গ্রেফতারে। এদিকে খোকসা থানায় ৩৫-৪০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার বিকেলে দাফন করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
