খোকসা প্রতিনিধি \ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ জন উপকারভোগীর মাঝে ৬টি ছাগলের বাচ্চা বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অফিস। গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুরে খোকসা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগলের বাচ্চা তুলে দেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহুরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ভিক্ষাবৃত্তি নিরসন, দারিদ্র্য হ্রাস এবং অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় তিনজন উপকারভোগীকে দুটি করে মোট ছয়টি ছাগলের বাচ্চা বিনামূল্যে দেওয়া হয়েছে। উপকারভোগীরা হলেন, খোকসা বাঁধপাড়া গ্রামের করম আলী শেখের স্ত্রী আয়জান খাতুন (৫৬), খোকসা থানাপাড়া এলাকার বাবুর আলী শেখের ছেলে আব্দুল গফুর শেখ এবং খোকসা পৌরসভার পাতেলডাঙ্গী গ্রামের শ্রীবাস মণ্ডলের স্ত্রী লক্ষী রাণী মন্ডল। ছাগল বিতরণকালে ইউএনও মো. আলাউদ্দিন বলেন, ভিক্ষাবৃত্তি পরিহার করে স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরে আসতে হবে। সরকার অসহায় মানুষের পাশে রয়েছে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ছাগল পালন করে তারা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে ভিক্ষাবৃত্তি থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান।
