খোকসায় বিএনপি নেতাকর্মীদের সাথে এমপি ফরিদা ইয়াসমিনের মতবিনিময়

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

শেখ মিলন \ কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের শুভাগমন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে খোকসা ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মো. আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিচ উস-জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরিদা ইয়াসমিন খোকসা উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গড়াই সেতু এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিশু সংশোধনাগার প্রতিষ্ঠা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান মাদক নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তিনি বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিচ উস-জামান বলেন, খোকসা উপজেলায় প্রায় ৪০ বছর আগে একটি কারাগার নির্মাণ করা হলেও সেখানে কখনো কোনো বন্দি রাখা হয়নি। বর্তমানে স্থাপনাটি অবহেলায় বিলুপ্তির পথে। এটিকে শিশু সংশোধনাগারে রূপান্তর করা গেলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় বক্তারা খোকসার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। শেষে প্রধান অতিথির সঙ্গে নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।