ফজলুল হক \ রাজবাড়ীর কালুখালীতে শান্তিপূর্ণভাবে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার ( ২ জুলাই) সকালে পরীক্ষা চলাকালে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ বছরে কালুখালী উপজেলার তিনটি প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কেন্দ্রগুলো হলো কালুখালী সরকারি কলেজ, কালুখালী মহিলা কলেজ এবং মাজবাড়ী সিদ্দিকীয়া আহম্মাদিয়া সেরাতুল হক আলিম মাদরাসা প্রতিস্থাপন ভেন্যু কালুখালী সরকারি কলেজ কেন্দ্রগুলোতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কালুখালী সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ খান, কালুখালী মহিলা কলেজে শিকদার মমতাজ আহমেদ, মাঝবাড়ী মাদ্রাসা কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাওলানা নুরুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে আইসিটি শিক্ষা কর্মকর্তা মোঃ মিলন হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, হল সুপার হিসাবে প্রভাষক মোঃ মিজানুর রহমান, মোঃ রকিব উদ্দিন খান,মাওঃ লুৎফর রহমান দায়িত্ব পালন করেন। উপজেলার কালুখালী সরকারি কলেজ কেন্দ্রে এবং কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা ১ম পত্রে মোট ২৭১জন পরীক্ষার্থীর মধ্যে ২৬০ জন অংশগ্রহণ করে এবং মাদরাসা আলিম পরীক্ষায় কোরআন ও মাজিদ বিষয়ে ৮০ জন পরীক্ষার্থী মধ্যে ৭০ অংশগ্রহণ করে। সব মিলিয়ে উপজেলার তিনটি কেন্দ্রে মোট ৩৩০ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন বলেন, “পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রসচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।” তিনি আরও বলেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রে প্রবেশ থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে।
