কালুখালীতে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

কালুখালী প্রতিনিধি \ রাজবাড়ীর কালুখালীতে কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের খাগজানা মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপচালক নিহত হন। খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। ঘটনা স্থলে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  (ওসি) সৈয়দ আল মামুন, থানার উপ পরিদর্শক এস আই মোঃ সাজ্জাত সহ অন্যান্য ফোর্স উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে  ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন  নিহত  ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার  নাম মিদুল (২৫)। তিনি আব্দুল মতিনের ছেলে। তাঁর বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার সরকারকারী গ্রামে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।