কে হবেন বিশ্বকাপের ‘কালো ঘোড়া’?

শনিবার, জুন ১৩, ২০২৬

 

ক্রীড়া প্রতিবেদক \ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড এখনো জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার দখলে। বিশ্বকাপে মোট ১৬ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন তিনি। তবে এবারের আসরে সেই রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলতে নামবেন ১৩ গোল নিয়ে। এই সংখ্যা তাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ওপরের দিকেই রেখেছে। তার সামনে আছেন শুধু ক্লোসা, ব্রাজিলের রোনালদো নাজারিও ও জার্মান কিংবদন্তি গার্ড মুলার। ক্লোসার গোল ১৬টি, রোনালদোর ১৫টি আর মুলারের ১৪টি। ফলে মেসির সামনে ইতিহাস গড়ার বড় সুযোগ আছে। অবশ্য সে জন্য আর্জেন্টিনাকে টুর্নামেন্টে অনেক দূর যেতে হবে। অন্যদিকে ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেও বিশ্বকাপে নিজের অবস্থান বেশ শক্ত করে ফেলেছেন। আগের দুই বিশ্বকাপে তিনি করেছেন ১২ গোল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন তিনি। গতি, ফিনিশিং ও বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তাকে দ্রুতই এই তালিকায় ওপরে নিয়ে এসেছে। ফুটবল বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপে গোলের নতুন রেকর্ড দেখা যেতে পারে। মেসি যেমন অভিজ্ঞতা ও সৃজনশীলতা নিয়ে খেলতে নামবেন, তেমনি এমবাপে নামবেন তারুণ্য, গতি ও ফিনিশিংয়ের শক্তি নিয়ে। দুজনই প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি হতে পারেন। বিশ্বকাপ ইতিহাসে খুব কম সময়ই দেখা গেছে, একাধিক খেলোয়াড় একই সঙ্গে সর্বাধিক গোলের রেকর্ড ভাঙার এত কাছাকাছি অবস্থানে আছেন। তাই ফুটবলপ্রেমীদের চোখ থাকবে প্রতিটি ম্যাচে, প্রতিটি শটে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, ব্যক্তিগত ইতিহাস বদলে দেওয়ার মঞ্চও হতে পারে। ক্লোসার ১৬ গোলের রেকর্ড টিকে থাকবে, নাকি মেসি কিংবা এমবাপের কেউ নতুন অধ্যায় লিখবেন, এই প্রশ্নই এখন ফুটবলপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে।