জুলাই শহিদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপনে উপলক্ষ্যে কুষ্টিয়ায় প্রস্তুতিমূলক সভা

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন  উপলক্ষ্যে কুষ্টিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) আব্দুল হাই সিদ্দিকী, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জুলাইযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা, স্মৃতিচারণসহ বিভিন্ন আয়োজন। এসময় বক্তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের অবদান তুলে ধরেন এছাড়া দিবসগুলোর তাৎপর্য যথাযথভাবে প্রচারে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।