ইসলামী বিশ্ববিদ্যালয় আগামীতে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষামন্ত্রী

ইবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রবিবার, আগ ২, ২০২৬

বুলবুল আহমেদ সাগর:

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে তিনি শিক্ষাখাতে সরকারের অগ্রাধিকার, বাজেট বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এবছর শিক্ষাখাতের বাজেট হয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা, যা গত বছর ছিল ৮৭ হাজার কোটি টাকা। এই অর্থ আগামীতে আরও বৃদ্ধি করা হবে।” নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি নতুন প্রজন্মের দায়িত্ব, সৎ পথে নিজেকে গড়ে তোলা এবং উচ্চশিক্ষাকে দেশের ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় আগামীতে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় হবে। এই বিশ্ববিদ্যালয় থেকে অনুপ্রাণিত হয়েই মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই বিশ্ববিদ্যালয় গ্লোবাল র‌্যাংকিংয়ে ৪২৬তম। কিন্তু আমাদের এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সায়েন্স ও অন্যান্য বিভাগের স্বল্পতা রয়েছে। এখনকার বিশ্ববিদ্যালয় গুলোতে চিকিৎসা বিজ্ঞানসহ সমস্ত বিষয় থাকবে। সমস্ত বিষয় নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি।”

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, ইউজিসির সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন এবং ইবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইদ্রিস আলী। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, “প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী যেন সমান সুযোগ-সুবিধা পায়, সে বিষয়টি আমরা নিশ্চিত করবো। যাতে সব বিভাগ থেকে মেধাবীরা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে।” ইউজিসির সদস্য প্রফেসর আব্দুল্লাহ আল মামুন বলেন, “সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে জোর দিচ্ছে। আমি কথা দিচ্ছি, এক বছরের মধ্যে আমাদের দেশের প্রতিটি ক্যাম্পাস আধুনিকায়ন হবে।” অনুষ্ঠানের সভাপতি উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা আসমা সাদিয়া রুনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই খুন হয়েছেন। আমি মাত্র দুই মাস হলো দায়িত্ব পেয়েছি। তবে আমি খুব দ্রুতই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া এই বিভাগটিতে এখন কোনো শিক্ষক নেই। অন্য বিভাগের শিক্ষক দিয়ে বিভাগটি পরিচালনা করা হচ্ছে। এই সমস্যাটিও খুব দ্রুতই সমাধান করা হবে।” ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন ও পুরাতন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁদের মতে, এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, নতুন ও পুরাতনদের মধ্যে সেতুবন্ধন তৈরি করার পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্য ও মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। শিক্ষাবাজেট বৃদ্ধি, ডিজিটাল শিক্ষা এবং মানসম্মত উচ্চশিক্ষার প্রতিশ্রুতির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীনদের এই ওরিয়েন্টেশন নতুন এক একাডেমিক বছরের সূচনা করে গেল। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, সরকারের এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং তারা উন্নত পরিবেশে শিক্ষা লাভ করতে পারবে।