ঈশ্বরদীতে চালককে জখম করে সিএনজি ছিনতাই

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

শফিকুর রহমান \ পাবনার ঈশ্বরদী উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় এক সিএনজি অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। হামলার পর দুর্বৃত্তরা চালকের সিএনজি অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে। পাবনা থেকে তিনজন যাত্রী রূপপুর যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া নেন। দাশুরিয়া এলাকার তেতুলতলা বাসস্ট্যান্ড অতিক্রম করার পর নির্জন স্থানে পৌঁছে তাঁরা চালকের উপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে চালকের গলার নিচে ও ডান হাতে গুরুতর জখম করা হয়। আহত চালক নিশান (খাদিমপুর গ্রামের বজরুল রহমানের ছেলে) জানান, “কুষ্টিয়া থেকে পাবনায় যাত্রী নামিয়ে ফিরছিলাম। পাবনা বাসস্ট্যান্ড থেকে তিনজন রূপপুর যাওয়ার কথা বলে উঠেন। তেতুলতলা এলাকায় পৌঁছালে হঠাৎ তারা আমার উপর হামলা করে। আমাকে ক্ষত-বিক্ষত করে সিএনজি নিয়ে পালিয়ে যায়।” স্থানীয়রা আহত অবস্থায় চালককে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত সিএনজি উদ্ধারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।