নিজ সংবাদ \ কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবার মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় হাসপাতালের আরএমও ডা: ইকবাল হাসান, সাংবাদিক আবু বকর সিদ্দিক ও নুরুন্নবী বাবুসহ সংশ্লিষ্ট দপ্তরের চিকিৎসকগন উপস্থিত ছিলেন। হাসপাতালে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। হাসপাতালের প্রতিটি সেবাগ্রহীতা যেন হয়রানিমুক্তভাবে চিকিৎসাসেবা পান, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেবার মান বৃদ্ধিতে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, জনবল সংকট নিরসন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
