দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যুবদলের সদস্য সচিব অধ্যাপক রেজাউর রহমান মাসুমের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর থানা বাজারে উপজেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব অধ্যাপক রেজাউর রহমান মাসুম এবং যুগ্ম সচিব জাফর ইকবাল কর্নেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি থানা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং থানা বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব অধ্যাপক রেজাউর রহমান মাসুম, যুগ্ম সচিব জাফর ইকবাল কর্নেল, দৌলতপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান ও দৌলতপুর উপজেরা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী। এসময় স্থানীয় যুবনেতা আসাদুল হক, রতন আলী, মুক্তার হোসেন, উজ্জ্বল হোসেন, সবুজ ইসলাম, তৈমুর রহমান, জয়সহ বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব অধ্যাপক রেজাউর রহমান মাসুমের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকারী আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। এরআগে গত রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় অবস্থিত যুবদল নেতা অধ্যাপক রেজাউর রহমান মাসুমের দলীয় কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে তারা কার্যালয়ে অগ্নিসংযোগ করলে আসবাবপত্রসহ পুড়ে যায়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এবং কেন্দ্রীয় যুবদল নেতা শরীফ উদ্দীন জুয়েলের বিভিন্ন কর্মসূচির ছবিসহ ব্যানার জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনার পর সোমবার (১৩ জুলাই) রাতে দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব অধ্যাপক রেজাউর রহমান মাসুম বাদী হয়ে দৌলতপুর থানায় ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন যার নং-৩২। মামলায় উল্লেখ করা ৩জন আসামির মধ্যে রয়েছেন, জনি হোসেন (২২), সৈকত মোল্লা (২২) ও মনোজ আলী (২০)। এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
