দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, গুলি ও ইয়াবা সহ বিজয় আহমেদ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ১টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড তাজা গুলি ও ৯ পিস ইয়াবা। আটক যুবক একই এলাকার বিপ্লব ভূঁইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ বুধবার গভীর রাতে বাহিরমাদী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিজয় আহমেদের বাড়ির গরু রাখার ঘর তল্লাশি করে ১টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড তাজা গুলি ও ৯ পিস ইয়াবাসহ বিজয় আহমেদ ও তার পিতা বিপ্লব ভূঁইয়াকে আটক করে। পরে থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিপ্লব ভূঁইয়াকে ছেড়ে দেয় পুলিশ এবং বিজয় আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ বিজয় আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নামে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে।
