দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কয়েকদিনের টানা উত্তেজনার পর এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। গত ২৪ ঘন্টায় ঘটেনি পুশইন সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা। সীমন্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিজিবির সাথে সাধারণ জনতাও টহলে অংশ নিচ্ছে। বিএসএফ’র পুশইন প্রতিরোধে বিজিবির অনড় অবস্থায় সীমান্তে শান্তি ও জনমনে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার সাধারন মানুষ। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে গিয়ে বিজিবির টহল চোখে পড়ে। সেখানে প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আসাদুজ্জামান আসাদের এর নেতৃত্ব বিজিবি সদস্যরা টহলে অংশ নেয়। এসময় তিনি সীমান্তের বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করার কথা জানান। গত ৪ দিনের টানা উত্তেজনার পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করার শিশুসহ ১২ জনকে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। এরপর থেকে সীমান্তে উত্তেজনার অবসান হয়। সোমবার বেলা ১১টার দিকে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রাগপুর সীমান্তের ১৫০/৩-এস সীমান্ত পিলারের কাছে স্পট পতাকা বৈঠকের পর শূন্যরেখায় প্রায় ৪দিন ধরে অবস্থান করা শিশু ও নারী-পুরুষসহ ১২ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয় বিএসএফ। বৈঠকের পরে তারা ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে গেলে সীমান্তে উত্তেজনার অবসান হয়। সেইসাথে সীমান্তবাসীর মাঝে ফিরে স্বস্তি।
