দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মাদক, মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ চল্লিশপাড়া মাঠে বিজিবির টহল বুধবার দিবাগত রাত  সোয়া ১২টার দিকে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৯ বোতল ভারতীয় মদ, ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৮৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। একইদিন রাত ২টার দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ মোহাম্মাদপুর কলাবাগান মাঠে বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা, ৯৬০পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৫০০পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। অপরদিকে একইদিন রাত  সোয়া ১২টায় আশ্রায়ন বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন পুরাতন ঠোটারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। এছাড়াও বুধবার  সোয়া ১ টায় প্রাগপুর বিওপির টহল দল গরুরা বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে। একইদিন সাড়ে ৬টায় শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ শেওড়াতলা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০বোতল ভারতীয় মদ, ৪০০পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ২১ লাখ ৬ হাজার ৫৭৫ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।