দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মাদক, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ ধর্মদাহ বিওপির টহল গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৫টায় ধর্মদাহ মাঠে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। অপরদিকে সোমবার রাত সাড়ে ১০টায় জামালপুর বিওপির টহল দল জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৮ বোতল মদ, ৯০০ গ্রাম গাঁজা, ১৯ বোতল স্কাফ সিরাপ, ১ হাজার পিস ভায়াগ্রা ট্যাবলেট, ২ হাজার ৮০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১হাজার ৮৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও একইদিন বিকেল সাড়ে ৫টায় কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে ১১৪ কেজি বাংলাদেশি ভেষজ (অশ্বগন্ধা শিকড়) উদ্ধার করে। বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ২৬ লাখ ৪৭ হাজার ৭৫টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
