দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ একজনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা তা প্রতিহত করেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চাইডোবা সীমান্ত এলাকায় আলী আজগর (৬৫) নামে নামে ওই ব্যক্তিকে ভারতের মধুগাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। গোয়েন্দা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন (কমান্ডেন্ট) অধিনস্থ মধুগাড়ী ক্যাম্পের বিএসএফ ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মধুগাড়ী সীমান্ত দিয়ে আলী আজগর কে পুশইনের চেষ্টা করে। এসময় ঘটনাটি টের পেয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল ও মাঠে কর্মরত কৃষকরা তা প্রতিহত করে এবং তাকে ভারত সীমানায় পাঠিয়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তি ভারত সীমান্তের ৫০গজ অভ্যন্তরে অবস্থান করছিল বলে জানাগেছে। পুশইন হতে যাওয়া আলী আজগর বাংলাদেশের ঢাকার মিরপুর এলাকার পিতা মৃত আব্দুল হাকিম ও মাতা মোছা. রজিয়া বেগমের ছেলে বলে জানাগেছে। এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান- চাইডোবা সীমান্তে স্থানীয় এক শিক্ষকের কলাবাগান ক্ষেতের কাছে কয়েকজনকে বিজিবি ও এলকাবাসী আটকিয়ে রেখেছিল এমন খবর শুনেছি। তবে বর্তমানে কি অবস্থা তা জানিনা। এ বিষয়ে কুষ্টিয়া বিজিবির কোন কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির মোবাইল ফোনে গণমাধ্যম কর্মীরা একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি বলে গণমাধ্যম কর্মীরা জানিয়েছেন।
