ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়ার উদ্যোগে লিনা জাকিরকে সম্মাননা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

হাসানুজ্জামান রাজীব \ কুষ্টিয়ায় পরিবেশবাদী সংগঠন ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়া (কেকে-জিকে) এর উদ্যোগে ভিশন কুষ্টিয়ার নীতিনির্ধারক লিনা জাকিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া কোর্টপাড়া স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কেকে-জিকে কুষ্টিয়ার সদস্য সচিব জামিরুল ইসলাম বলেন, “আমাদের সংগঠন প্রতিনিয়ত বৃক্ষরোপণসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় নানামুখী কর্মসূচি পালন করে যাচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাই, বাসাবাড়ির আঙিনায়, স্কুল প্রাঙ্গণে খালি জায়গায় বৃক্ষরোপণ করি। তাহলে আমাদের শহরটি সত্যিকারের সবুজ নগরীতে পরিণত হবে।” কেকে-জিকে কুষ্টিয়ার আহ্বায়ক আব্দুল মুঈদ বাবুল বলেন, “গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় লিনা জাকিরকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।” সম্মাননাপ্রাপ্ত লিনা জাকির বলেন, “আমরা ভিশন কুষ্টিয়ার পক্ষ থেকে কুষ্টিয়ার অসুস্থ মানুষদের সহায়তা করে থাকি। পাশাপাশি গর্ভবতী অসহায় নারীদেরও প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে যাচ্ছি।” অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ সরকারি কলেজ বিষয়ক একটি গ্রন্থ লিনা জাকিরের হাতে উপহার হিসেবে তুলে দেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা কুষ্টিয়াকে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁরা মনে করেন, এ ধরনের সামাজিক ও পরিবেশবাদী কর্মকাণ্ড শহরের সৌন্দর্য ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।