নিজ সংবাদ \ কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অভিযুক্ত আছাই অবশেষে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল ১২ জুন বিকেলে তার মৃত্যু হয় বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
আছাইএর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১০ জুন বুধবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালেও একপর্যায়ে উত্তেজিত জনতা ভিড় করে তাকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পরে কর্তৃপক্ষ তাকে নিরাপত্তার মধ্যে ঢাকায় স্থানান্তর করে।

গত ৭ জুন কুষ্টিয়া শহরের উত্তর মিলপাড়া এলাকায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আছাইকে এলাকাবাসী হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কুষ্টিয়ায় মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আছাইয়ের মৃত্যুর খবরে কুষ্টিয়াজুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর তার মা আবেগঘন কণ্ঠে আন্দোলনের বাজার অফিসে ফোন করে ছেলের লাশ ফেরত চেয়েছেন বলে জানা গেছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে দ্রুত লাশ ফেরত আনার ব্যবস্থা করার আহ্বান জানান।
অন্যদিকে, ঘটনার শিকার শিশুটির অবস্থা এখনও উদ্বেগজনক বলে জানা গেছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ঘটনার পর থেকেই আছাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছিল। ফলে তার মৃত্যুর খবরে পুরো ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
