চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার দুধপাতিলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত এবং অপরজন আহত হয়েছে। নিহতরা হলো জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের সুমন(২৫) এবং মদনা গ্রামের রাজ(২৫)। আহত ডুগডুগি কলোনিপাড়ার রহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদেরকে (২৫) আশংকাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় জেলার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল কাদের জানান, চুয়াডাঙ্গার সদর উপজেলার ছয়মাইল এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভাষা ও ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ নিচ্ছি আমরা তিনজন। বিকেলে তিনজন একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে দর্শনা দুধপাতিলা রেলগেট এলাকায় পৌঁছায়। রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মেইল মহানন্দা ট্রেনটি ধাক্কা দেয়। ঘটনাস্থলে সুমন ও রাজ মারা যায়। চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু জানান, স্থানীয়রা আহত আব্দুল কাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। মরদেহ চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফরিনা ইসলাম জানান, আহত আব্দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
