চুয়াডাঙ্গায় মাদক ও চুরির অভিযোগে ৫ জনের কারাদন্ড

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

এম সনজু আহমেদ \ চুয়াডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে আটক পাঁচজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৩ জুলাই) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন, গাঁজা বিক্রি এবং চুরির অভিযোগে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় কুমারী গাংপাড়ার মো. হাসান (২০), আলমডাঙ্গা স্টেশনপাড়া সুইপার কলোনির শ্রী কালু (২৮) এবং গোবিন্দপুর মিয়াপাড়ার মো. জিসান মিয়া (১৯)-কে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই সঙ্গে হাসান ও জিসানকে ৫০০ টাকা এবং কালুকে ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। এদিকে, দন্ডবিধির ৩৭৯ ধারায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকার মো. ফাহিম রহমান আরাফাত (২১) এবং আলমডাঙ্গা উপজেলার দৌলতদিয়া দক্ষিণপাড়ার মো. ইয়ানুর (২৫)-কে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড অনাদায়ে তাদেরও আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।