চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী মোড়ে ওপেন হাউস ডে, মাদকবিরোধী যুব সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সদর থানা ও সাতগাড়ী গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাতগাড়ী মাদকবিরোধী কমিটির সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের ওপেন হাউস ডে, মতবিনিময় সভা এবং মাদকবিরোধী কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
