নিজ সংবাদ \ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গতকাল শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পৌর সভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ক্লিন কুষ্টিয়া- গ্রীন কুষ্টিয়া আহবায়ক আব্দুল মঈদ বাবুল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। প্রধান বক্তা ছিলেন ক্লিন কুষ্টিয়া- গ্রীন কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লিন কুষ্টিয়া- গ্রীন কুষ্টিয়ার সদস্য সচিব জামির হোসেন। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে ক্লিন কুষ্টিয়া- গ্রীন কুষ্টিয়ার উদ্যোগে আলোচনা সভায় অংশ গ্রহনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইবির উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বাংলাদেশের পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের বৈচিত্র অক্ষুণ্ন রাখার জন্য ও প্রতিরোধ করতে অর্থাৎ ন্যাচারকে যাতে আরো বেশি সমৃদ্ধ করা যেতে পারে সে লক্ষ্যে মুলত বর্তমান সরকার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এই উদ্যোগকে বাংলাদেশের প্রতিটা জেলা অঞ্চলে বৃক্ষরোপন করা হবে। যাতে জীব বৈচিত্র?্য ও পরিবেশকে আমরা আরো বেশি প্রটেক্ট করতে পারি। বিশ্ব পরিবেশ দিবসের অংশ হিসেবে পৃথিবীর অন্যান্য দেশে পরিবেশকে যেভাবে সংরক্ষণ করা হয়, রক্ষা করা হয়, আমাদের দেশে ততটা গুরুত্ব দেওয়া হয় না। তবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর তারেক রহমান বৃক্ষ রোপণের যে কর্মসূচি ঘোষণা করেছে, তার সেই উদ্যোগকে স্বাগত জানাই। এই উদ্যোগের মধ্যদিয়ে বাংলাদেশের পরিবেশকে এবং পরিবেশ অক্ষুন্ন থাকবে। সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া- গ্রীন কুষ্টিয়া যে উদ্যোগ নিয়েছে সেটা প্রসংশনীয়। আলোচনা সভায় প্রধান বক্তা জাকির হোসেন সরকার বলেন, ক্লিন কুষ্টিয়া- গ্রীন কুষ্টিয়া এর মাধ্যমে আমরা বিগত দেড় বছর যাবৎ কুষ্টিয়াকে পরিচ্ছন্ন ও সবুজায়নে কাজ করছি। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করতে চেয়েছিলাম, কিন্তু ঈদের ছুটির কারনে আমরা আনুষ্ঠানিকতা করতে পারি নাই, যার কারনে আজকের এই আয়োজন। তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য কুষ্টিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা চাই কুষ্টিয়ার প্রতিটি রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকবে এবং একটি সবুজায়ন নগরীতে রুপান্তরিত হবে। অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এছাড়া পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য জেলা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
