বিভাগে-বিভাগে নানা আয়োজনে ইবিতে নবীনদের বরণ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

ইবি প্রতিনিধি \ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়া জিএসটি গুচ্ছভুক্ত  সব বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম গতকাল বুধবার (১৫ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পাঠদান কার্যক্রম শুরুর প্রথম দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন বিভাগ নানা আয়োজনে নবীনদের বরণ করে নেয়। বেলা ১১ টার দিকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে.এম মতিনুর রহমান আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভাগের স্নাতক প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং থিওলজি অ্যান্ড  ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকেন্দার আলী সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ জালাল উদ্দিন। বেলা সাড়ে ১১টার দিকে লোক প্রশাসন বিভাগে আয়োজিত নবীনবরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ ফকরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি। অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর জানান, আগামী ১ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। সকল বিভাগকে নিয়ে একযোগে এই অনুষ্ঠানটি  হবে। তিনি সে-অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ কামনা করেন। তিনি বলেন, আমার বিশ্বাস, নবীন শিক্ষার্থীরা মেধা, অনুভূতি, আবেগ—এই সবকিছু দিয়ে একটা দেশ এবং জাতি গঠনে নিয়োজিত করার লক্ষ্যে নিজেদেরকে প্রস্তুত করবে।  তিনি  বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জ্ঞাপন করেন।  যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়েছে, সেটি যেন তারা প্রকৃত অর্থেই বাস্তবায়ন করতে পারে এবং দেশ এবং জাতি গঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে নিজেকে প্রস্তুত করতে পারে, শিক্ষার্থীদের জন্য সে-শুভকামনা ব্যক্ত করেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ বিভিন্ন বিভাগে নানা আয়োজনে নবীনদের বরণ করে নেয়া হয়।