বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

তোফায়েল হোসেন ॥ মেহেরপুরের গাংনীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন (উফসী) এবং গ্রীষ্মকালীন সবজি ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই বিশেষ সহায়তার উদ্যোগ নেওয়া হয়। গতকাল রবিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫,৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই সহায়তার আওতায় আনা হয়েছে। েেরাপা আমন (উফসী) চাষী: মোট ২ হাজার ৮০০ জন কৃষক। প্রত্যেকে ১ বিঘা জমির জন্য পেয়েছেন: উফসী ধানের বীজ: ৫ কেজি, ডিএপি (উঅচ) সার: ১০ কেজি ও এমওপি  সার: ১০ কেজি। সবজি চাষী: মোট ৩ হাজার জন কৃষক। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্বাবলম্বী করতে প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ৩০০ গ্রাম বীজ ও রাসায়নিক সার: ডিএপি ১৫ কেজি এবং এমওপি ১৫ কেজি। বীজের জাত: কলমি শাক, লাউ, চালকুমড়া, পুঁইশাক, বেগুন, শসা ও মিষ্টি কুমড়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন। বিতরণকালে কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনতে এই প্রণোদনা বিশেষ ভূমিকা রাখবে। বীজ ও সারের যেন কোনো অপব্যবহার না হয়, সেদিকে কৃষকদের খেয়াল রাখতে হবে। প্রতিটি ইঞ্চি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে আমাদের উৎপাদন বাড়াতে হবে।” অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের এই সময়ে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে বীজ রোপণ করা অত্যন্ত জরুরি। আমন ধানের পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের কারিগরি পরামর্শ দিতে প্রস্তুত আছি।” কৃষি কর্মকর্তা আরো জানান, এই প্রণোদনার ফলে উপজেলায় রোপা আমন ও সবজির আবাদ লক্ষ্যমাত্রার চেয়েও বাড়বে, যা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে অর্থনৈতিকভাবে কৃষকদের লাভবান করবে। সরকারি এই সহায়তা সময়মতো হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত প্রান্তিক কৃষকেরা।