মাহমুদুল হাসান চন্দন \ কুষ্টিয়ার ভেড়ামারায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. আশিক বাহার এবং ভেড়ামারা থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। তাঁদের এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। নতুন বাংলাদেশ গঠনে এবং মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় জুলাই বিপ্লবে আহত ও অংশগ্রহণকারী বীর যোদ্ধারা তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিম, উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, পৌর বিএনপির সভাপতি কমান্ডার আবু দাউদ এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। এছাড়াও সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
