ভেড়ামারায় ব্রাজিল-আর্জেন্টিনা উৎসব

বিশ্বকাপের রঙে ঝলমল জিকে ব্রিজ

শনিবার, জুন ১৩, ২০২৬

 

 

মাহমুদুল হাসান চন্দন \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৩নং জিকে ব্রিজ এখন বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখরিত। ব্রাজিল ও আর্জেন্টিনার রঙিন পতাকা, জার্সি আর সমর্থকদের উচ্ছ্বাসে পুরো এলাকা পরিণত হয়েছে এক মিনি ফুটবল উৎসবে। খেলা শুরুর আগেই সমর্থকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী বড় বড় পতাকা তৈরি করে ব্রিজজুড়ে টানিয়ে দিয়েছেন। বিকেল নামলেই ব্রিজ এলাকায় জমে ওঠে দর্শনার্থীদের ভিড়। রঙিন জার্সি পরা ফুটবলপ্রেমীরা আড্ডায় মেতে ওঠেন, সেলফি তোলেন এবং দুই দল নিয়ে চলে উত্তপ্ত তর্ক-বিতর্ক। স্থানীয় দোকানদার ও ব্রাজিল সমর্থক পারভেজ বলেন, “বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক সবচেয়ে বেশি। আমি আশাবাদী, এবার ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে।” আর্জেন্টিনা সমর্থক হারুন জানান, “কে কোন দলকে সমর্থন করে সেটা বড় কথা নয়। সমর্থনের কারণে খেলা দেখায় আনন্দ বেড়ে যায়।” ভেড়ামারার এই রঙিন উৎসব প্রমাণ করে, বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে শুধু একটি খেলা নয়—এটি আবেগ, ভালোবাসা ও সম্প্রীতির অনন্য উদযাপন। মাঠের লড়াই যাই হোক, জিকে ব্রিজের এই দৃশ্যই ফুটবলের জয়গান গেয়ে চলেছে।