ভেড়ামারা প্রতিনিধি \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিমা গ্রামে ১৭ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে বৃদ্ধ কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বৃদ্ধ একই গ্রামের মৃত মৃত সাবদার আলী বিশ্বাসের ছেলে সামাদ আলী বিশ্বাস (৬৮)। তাঁর বিরুদ্ধে ভেড়ামারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানায় দায়েরকৃত অভিযোগের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ই জুলাই) দুপুরে ওই তরুণী নিজ বাড়িতে ঘরে টিভি দেখছিল, এসময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না। তখন প্রতিবেশি তরুণীর ঘরে প্রবেশ করে তরুণীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় প্রতিবেশি এক মহিলা টের পেয়ে এগিয়ে আসলে সামাদ আলী বিশ্বাস পালিয়ে যান। পরে তরুণীর মা-বাবা ভেড়ামারা থানায় অভিযোগ দিলে, থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে সামাদ আলী বিশ্বাস নামে একজনকে আটক করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ নং-১৩ধারায় মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
