মাহমুদুল হাসান চন্দন \ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৩৪ বোতল এসকাফ (ঊঝশঁভ) কাফ সিরাপ, ৪ কেজি গাঁজা এবং মাদক পাচারের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকি উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত ভোর রাত সাড়ে ৪টার সময় ভেড়ামারা থানাধীন কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিকল্পনা করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব ও পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীহাটা গ্রামে আসামি হাবুর বসতবাড়িতে হানা দেন। অভিযানকালে হাবুর বসতবাড়ির পশ্চিম পাশের কক্ষ তল্লাশি করে লুকিয়ে রাখা ১৩৪ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অভিনব কায়দায় তৈরি দুটি মোটর সাইকেলের ট্যাংকি জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন-কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের ওলিল মন্ডলের ছেলে মাহাবুল মন্ডল (৩০) এবং একই এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে হাবু (৪২)। ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/১৯(ক)/৪১ ধারায় ১নং মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় রেখে এই অভিযান চালানো হয়েছে। এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই কঠোর চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
