আলমডাঙ্গায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

আলমডাঙ্গা অফিস \ সারাদেশের মতো আলমডাঙ্গা উপজেলায় ৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনেই পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং কেন্দ্রগুলোতে ছিল সুশৃঙ্খল পরিবেশ। আলমডাঙ্গা উপজেলায় ৩ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২২৪ জন। উপস্থিতি সংখ্যা ছিল ১১৮৫ জন। অনুপস্থিত ৩৯ জন। আলমডাঙ্গা সরকারি কলেজে ৪৪১ জন শিক্ষার্থী, মহিলা ডিগ্রী কলেজে ২১৯ জন ও হারদী এমএস জোহা ডিগ্রি কলেজে ৫৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আলমডাঙ্গা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। এ সময় তিনি কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন, পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, স্বচ্ছ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতারও আহ্বান জানান। এদিকে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতি থাকলেও কেন্দ্রের ভেতরে ছিল সম্পূর্ণ পরীক্ষাবান্ধব পরিবেশ। প্রশাসনের তদারকি ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার পুরো সময়জুড়ে প্রতিটি কেন্দ্রে নিয়মিত মনিটরিং অব্যাহত আছে যাতে সকল পরীক্ষার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা দিতে পারে।