আলমডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় এনজিও’র ম্যানেজার নিহত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার কালিদাসপুর সাদা ব্রিজের কাছে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত  হাবিবুর রহমান (৪০) কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের আলী আকবারের ছেলে। তিনি এনজিও শিশু নিলয়ের মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন। আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, হাবিবুর রহমান মোটর সাইকেলযোগে আলমডাঙ্গা শহরে যাচ্ছিলেন। তিনি কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রাকের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকটির চালক ও  সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। তিনি আরো বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।