আলমডাঙ্গা অফিস \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সামারি ট্রায়াল কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালত তাৎক্ষণিক বিচারে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। পুলিশ সূত্রে জানা যায়, জেলাজুড়ে চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই শাহরিয়ার হুসাইন রুবেলের নেতৃত্বে পুলিশের একটি টিম নওদাবন্ডবিল এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় নওদাবন্ডবিল গ্রামের মৃত মওলা বক্সের ছেলে কামাল হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই ) আসামিকে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) আদালতে উপস্থাপন করা হলে কামাল হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) আরেক অভিযানে কান্তপুর ব্রিজ মোড় এলাকা হতে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রুদ্র হাসান (২১) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাকে আদালতে উপস্থাপনা করা হলে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই কঠোর ও আপসহীন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
