আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে সামারি ট্রায়াল কোর্ট কর্তৃক তাৎক্ষণিক বিচারে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে। থানা সূত্রে জানা যায়, ঘোলদাড়ী পুলিশ ক্যাম্প ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বলিয়ারপুর গ্রামস্থ বলিয়ারপুর বাজারে বটগাছের ডান পাশে পাঁকা রাস্তার উপর হতে বলিয়ারপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আসামি সোহেল রানা (৩৮), একই গ্রামের মৃত খোদাবক্স মন্ডলের ছেলে আসামি খেদের আলী (৪০) কে ২ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে উপস্থাপন করিলে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত আসামি সোহেল রানা ও খেদের আলীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারার অপরাধে ১ বছরের বিনাসশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
