শাহ আলম মন্টু \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নের টেকপাড়া-পাঁচলিয়া ব্রিজের নির্মাণ কাজ শুরুর প্রায় দুই বছর পার হলেও ব্রিজটি এখনো অসমাপ্ত। ফলে প্রতিদিন দুর্ভোগ আর অনিশ্চয়তা নিয়েই চলাচল করছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজের নির্মাণ কাজ ধীরগতিতে চলায় তারা বাধ্য হয়ে বিকল্প কাঁচা রাস্তা ব্যবহার করছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে সেই পথ কাদায় পিচ্ছিল হয়ে ওঠে, যা শিশু, নারী, বয়স্ক এবং শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এলাকার কৃষকদের দুর্ভোগও কম নয়। মাঠ থেকে উৎপাদিত ফসল বাজারে পৌঁছাতে অতিরিক্ত সময় ও ব্যয় গুনতে হচ্ছে। অনেক সময় পরিবহন সংকটের কারণে কৃষিপণ্য ন্যায্যমূল্যেও বিক্রি করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতও হয়ে উঠেছে কষ্টকর। স্থানীয় বাসিন্দারা বলছেন, উন্নয়নের নামে একটি প্রকল্প বছরের পর বছর ঝুলে থাকায় সরকারি অর্থের পাশাপাশি মূল্যবান সময়ও অপচয় হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা দীর্ঘদিন অচল থাকায় পুরো এলাকার অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে। এলাকাবাসীর দাবি, টেকপাড়া-পাঁচলিয়া ব্রিজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। কেন কাজ এত দীর্ঘ সময় ধরে আটকে আছে, তার কারণ জনসম্মুখে প্রকাশ করতে হবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপও কামনা করছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য, উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তার সুফল সময়মতো মানুষের দোরগোড়ায় উন্নয়নের পথেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে দ্রুত ব্রিজ নির্মাণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
