এম সনজু আহমেদ \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভোগাইল এলাকায় মাদক ও জুয়াবিরোধী পৃথক অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পরে তাদের চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির করা হলে তাৎক্ষণিক বিচারে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের চলমান মাদক ও অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে ভোগাইল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের প্রথম ধাপে ভোগাইল বগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উত্তর পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভোগাইল বগাদী গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২৩)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাদা কাগজে মোড়ানো প্রায় এক গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই রাতে ভোগাইল গ্রামের জব্বারুলের চায়ের দোকানে অভিযান চালিয়ে টাকার বিনিময়ে প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ভোগাইল গ্রামের ফজলুল হকের ছেলে মিলন মিয়া (৪২), সোনা মন্ডলের ছেলে আব্দুল করিম (৪৫), মকছেদ আলীর ছেলে জব্বারুল ইসলাম (৩৫), শাহাদত আলীর ছেলে মহিবুল ইসলাম (৩৫) এবং আকাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬)। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত ৫২ পিস তাসের সেট এবং জুয়ার আসরে ব্যবহৃত নগদ ৮০ টাকা জব্দ করা হয়। বুধবার গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক মাদক মামলায় আব্দুল্লাহকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া জুয়া খেলার দায়ে মিলন মিয়া, আব্দুল করিম, মহিবুল ইসলাম ও জাহিদুল ইসলামকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। অন্যদিকে, জুয়ার আসর পরিচালনার দায়ে জব্বারুল ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
