আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা প্রধান সড়কের নওদা বন্ডবিল কবরস্থান সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাব্যাপী মাদক, চোরাচালান ও ডাকাতি রোধে বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে মোবাইল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে একদল ডাকাত চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মেইন রোডের পাশে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সুজন আলী ওরফে সুজন শেখ (৩৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের মোঃ শরিফুল ইসলাম (৪৫) এবং কুষ্টিয়া সদরের হরিপুর বোয়ালদহ গ্রামের মোঃ আনোয়ার হোসেন ওরফে আনা (৫২)। অভিযানকালে ডাকাতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান, এই চক্রটির সাথে আরও ৫ জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত জড়িত রয়েছে। গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে চুয়াডাঙ্গা আদালতে করা হয়েছে।
