একসঙ্গে অনুমোদন পেলো মেট্রোরেলের তিন প্রকল্প

ব্যয় ২.৫০ লাখ কোটি টাকা

বুধবার, সেপ্টে ১৬, ২০২৬

নিজ সংবাদ:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকার মেট্রোরেলের তিনটি প্রকল্প একসঙ্গে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প তিনটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ১২টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

মেট্রোরেলের তিন প্রকল্পের মধ্যে রয়েছে জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব। অন্যটি হলো এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প।

জাপানের অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পে ব্যয় হবে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

এদিকে ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি টাকা দেবে এডিবি ও দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহায়তা তহবিল (ইডিসিএফ)।

গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এই রুটের ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে ভূগর্ভস্থ। হাতিরঝিল এলাকায় মেট্রোরেল টানেলের মধ্য দিয়ে যাবে। আফতাবনগর থেকে দাশেরকান্দি পর্যন্ত অংশের বাকি রুট হবে উড়ালপথে।

একনেক সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি মেট্রোরেল প্রকল্পগুলোর সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সভায় অনুমোদিত ১২ প্রকল্পের মোট ব্যয়ের একটি অংশ সরকারি তহবিল এবং বাকি অর্থ প্রকল্প ঋণের মাধ্যমে সংস্থান করা হবে।