নিজ সংবাদ:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তাব জমা দিয়েছে জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদফতরে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব জমা দেন।
বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, জাপানি প্রতিষ্ঠানের পক্ষে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি হস্তান্তর করেন। এ সময় বেবিচকের বিভিন্ন সদস্য এবং জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রস্তাবের সঙ্গে প্রতিষ্ঠানটি পৃথক কারিগরি ও আর্থিক ডকুমেন্ট জমা দিয়েছে। এসব প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত আরএফপি ইভালুয়েশন কমিটি নির্ধারিত পদ্ধতিতে মূল্যায়ন করবে।
কমিটিতে বেবিচকের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদফতরের প্রতিনিধিরা রয়েছেন।
মূল্যায়ন প্রক্রিয়ায় প্রথমে কারিগরি প্রস্তাব এবং পরে আর্থিক প্রস্তাব পরীক্ষা করা হবে। এরপর প্রয়োজনীয় আলোচনা ও নেগোসিয়েশন সম্পন্ন হবে। সমঝোতা সফল হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বাংলাদেশের বিমান খাতের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ পরিচালনব্যবস্থার মাধ্যমে দেশের এভিয়েশন খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে টার্মিনালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
