নিজ সংবাদ:
বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্পের আগেই প্রস্তুতি নিতে হবে। দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। আচমকা ভূমিকম্প বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। তাই দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের মাধ্যমে ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগ আঘাত হানে। এসব দুর্যোগের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ মানুষকে দক্ষ, পারঙ্গম ও পরিপূর্ণ করে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পাওয়া মাত্রই আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
