তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে: ভারতীয় হাইকমিশনার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে ভারত সফর করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে প্রয়োজনীয় আলোচনা অব্যাহত থাকবে।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সংসদীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা প্রয়োজন। ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে দুই দেশের সংসদ কীভাবে পারস্পরিকভাবে কাজ করতে পারে এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। স্পিকার বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক হলেও বিভিন্ন সময়ে তা নানা টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে সরকারকেন্দ্রিক সম্পর্কের পরিবর্তে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ককে বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি করা উচিত। পারস্পরিক শ্রদ্ধা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশাও জানান তিনি।

জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত সরকার আগ্রহী। বৈঠকে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট, পুনর্বাসন, ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।