নিজ সংবাদ:
জাতীয় সংসদ ভবনে সৌরশক্তি কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে এ উদ্যোগের বাস্তবায়ন প্রমাণ করে, নেতৃত্ব শুধু নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়।” তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কষাঘাতে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। তাই পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই।
তারেক রহমান বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরশক্তির মতো টেকসই জ্বালানি ব্যবস্থাকে আরও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় তিনি নাগরিকদেরও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।
