নিজ সংবাদ:
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন সরকারি দফতরে সোলার এনার্জি ব্যবহারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সৌরবিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবনটি ইতোমধ্যে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সরকারি দফতরেও যতটা সম্ভব সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নিয়েছে সরকার। এ বিষয়ে চীন, জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি দেশে এলএনজির সরবরাহ আরও বাড়ানোর জন্য বিভিন্ন দিক থেকে চেষ্টা করা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতি অর্থনৈতিক কূটনীতিতে জ্বালানি বহুমুখীকরণের গুরুত্ব আরও স্পষ্ট করেছে। কোনো একটি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে। তাই জ্বালানির উৎসে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
শামা ওবায়েদ আরও বলেন, জ্বালানির নতুন উৎসের সন্ধানে আফ্রিকার দেশগুলোর দিকেও নজর দেওয়া হচ্ছে। আফ্রিকা মহাদেশে সম্ভাব্য জ্বালানি উৎস নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি। তাঁর মতে, ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক উৎসের ব্যবস্থা করা জরুরি।
