সব দেশেই কিছু নির্বোধ মানুষ আছে

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় ও ভারতীয়-আমেরিকানদের বিরুদ্ধে করা বর্ণবাদী মন্তব্য ঘিরে সৃষ্টি হওয়া উদ্বেগ ও বিতর্ককে গুরুত্বহীন করার চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, বিশ্বের প্রতিটি দেশেই কিছু “নির্বোধ মানুষ” থাকে, যারা অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে থাকে।

রবিবার (২৪ মে) চার দিনের ভারত সফরের শুরুতে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রুবিও। সংবাদ সম্মেলনে ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন-এর এক সাংবাদিক যুক্তরাষ্ট্রে ভারতীয়দের লক্ষ্য করে বাড়তে থাকা বর্ণবাদী মন্তব্যের বিষয়টি উত্থাপন করলে রুবিও কিছুটা সতর্ক প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “আমি জানি না কীভাবে এ বিষয়ে কথা বলব, তবে আমি এটিকে গুরুত্ব সহকারে নিচ্ছি। বিশ্বের প্রতিটি দেশেই নির্বোধ মানুষ আছে। এখানেও আছে, আমেরিকাতেও আছে—যারা সব সময় বাজে মন্তব্য করে।”

এ সময় যুক্তরাষ্ট্রকে অভিবাসীবান্ধব দেশ হিসেবে তুলে ধরে রুবিও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষই আমেরিকাকে সমৃদ্ধ করেছে। তার ভাষায়, “যারা যুক্তরাষ্ট্রে এসে মার্কিন নাগরিক হয়েছেন এবং সমাজের সঙ্গে মিশে গেছেন, তারাই আমাদের শক্তি।”

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ঘিরেও ব্যাপক সমালোচনা তৈরি হয়। চলতি বছরের এপ্রিল মাসে জন্মগত নাগরিকত্ব ইস্যুতে এক বিতর্কে ট্রাম্প ভারতকে “নরককুণ্ড” বলে উল্লেখ করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।